যশোরে রেললাইনের পাশ থেকে লাভলু মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুন) বেলা ১১টায় খোলাডাঙ্গা রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
লাভলু খোলাডাঙ্গা কলোনিপাড়া এলাকার আব্দুর মান্নানের ছেলে। তিনি স্থানীয় আফিল গ্রুপের ডিম সেক্টরে চাকরি করতেন।
আব্দুল মান্নান বলেন, ‘সে গতরাতে বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে খবর পাই, খোলাডাঙ্গা রেললাইনের পাশে লাশ পড়ে আছে।’
লাভলুর স্ত্রী সালমা বেগম বলেন, ‘তার কোনও শত্রু ছিল না। তাকে কে খুন করেছে বলতে পারছি না। আমার স্বামীর হত্যার বিচার চাই।’
ছেলে সাকিল হোসেন বলেন, ‘২০১২ সালে আমার চাচা মনিরুজ্জামান মনির খুন হন। আরেক চাচা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরে জানা গেছে, তাকেও হত্যা করা হয়েছিল। চাচা হত্যার বিচার পাইনি। গতরাতে আমার বাবাকেও হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের সময় তার মুখে গামছা ছিল।’
স্থানীয়রা জানান, খোলাডাঙ্গা এলাকায় দিলু ও হেমায়েত বাহিনী ছিল। লাভলুর ভাই মনিরুজ্জামান হেমায়েত বাহিনীর সঙ্গে থাকতেন। তিনি খুন হন এবং আরেক ভাই ট্রেনে কাটা পড়ে মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।









