সাতক্ষীরা বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে এক চা বিক্রেতার মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি সাতক্ষীরা শহরের সুলতানপুরের বাসিন্দা ও পুরাতন সাতক্ষীরার চায়ের দোকানি ইয়াছিন আলীর বলে শনাক্ত হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, সকালে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের ওপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতা দেখে পথচারীরা ভিড় জমায়। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাস বনের পার্শ্ববর্তী জলাশয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ দেখে খবর দেন। ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার এসআই লোকমান হোসেন জানান, ইয়াছিন আলীর মরদেহ উদ্ধার হলেও তার মাথা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বুধবার ভোরের কোনও এক সময়ে তাকে গলা কেটে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।








