যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে কাঁটাতারের কাছ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় রঘুনাথপুর গ্রামের খোলের পাড় বিল নামের মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে বেনাপোল পোর্ট থানার আওতাধীন রঘুনাথপুর গ্রামের খোলের পাড় মাঠে সকালে কৃষকরা কাজ করছিলেন। এ সময় একটি লাশ পড়ে থাকতে দেখেন। কৃষকরা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে জানান। পরে তিনি পুলিশ ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, ‘বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে জানতে পারি, সীমান্ত ঘেঁষা রঘুনাথপুর গ্রামের এক কিলোমিটার দূরে সীমান্তের পিলার ২০-এর টুএস-টি ১৩ পিলারের কাছে লাশ পড়ে আছে। খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি।’
যশোরের নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, ‘বেনাপোল পোর্ট থানার পুলিশ ও বিজিবিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে দেখি, ভারত সীমান্তের কাঁটাতারের ১৫ গজের কাছেই বাংলাদেশ অংশে এক ব্যক্তির লাশ পড়ে আছে। সারা শরীরে আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’









