যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কাশিপুর ব্যাঙদহ সীমান্ত এলাকা থেকে সোনার বারসহ ওই যুবককে আটক করা হয়। আটক সাজু আহমেদ (২০) চৌগাছার কাবিলপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বিকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে ঝিকরগাছার কাশিপুর ব্যাঙদহ সীমান্ত এলাকায় হাবিলদার নূর আলম মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ব্যাঙদহ বাঁশতলার মোড়ে বাইসাইকেল আরোহী সাজু আহমেদের শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০৬টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার বারের ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। আটক যুবক, সোনার বার ও অন্যান্য মালামাল ঝিকরগাছা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’









