ভারতে পাচারের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের (১০০ ভরি) ১০ পিস স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৪) নামে এক নারী পাচারকারীকে আটক করা হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে স্বর্ণের বারসহ তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৮২ লাখ টাকা।
রত্না বেগম স্থানীয় বাসিন্দা কামাল হোসেনের স্ত্রী।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, রত্না বেগম ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের পুটখালী গ্রামের উত্তর পাড়ার একটি কলাবাগানে অবস্থান করছে, এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তে বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে ক্যাম্পে নিয়ে তাকে তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। তাকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় স্বর্ণের বারসহ সোপার্দ করা হয়েছে।









