সাতক্ষীরার তালায় ‘জুয়ার আসরে’ পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে এঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আবুল হোসেন ওরফে জমিদার (৫০)। তিনি তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মৃত জব্বার মোড়লের ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে জানা গেছে।
তালা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আযাদ জানান, মাগুরা ডাঙ্গা গ্রামে জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান তালা থানার এস আই রাজীব সরকার। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল হোসেন পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এসময় আহত হয়ে তিনি মারা যান।
স্থানীয়রা বলছেন, আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তবে এসময় অপর ‘দুই জুয়াড়িকে’ আটক করে থানায় আনা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।









