চুয়াডাঙ্গা শহরে গণমিছিলের প্রস্তুতিকালে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামানসহ পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে শহরের কোর্টমোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে শহরের শহীদ রবিউল ইসলাম সড়ক নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পণ্ড হয়ে যায় বিএনপির কর্মসূচি।
আটক নেতারা হলেন- জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান, সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাস বিএনপি নেতা আবু হানিফ ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খাঁন।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলের প্রস্তুতি নিতে শহরের কোর্টমোড় এলাকায় জড়ো হচ্ছিলেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। সেখান থেকে আটক করা হয় পাঁচ নেতাকে। পণ্ড হয়ে যায় গণমিছিল কর্মসূচি।
নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচির পালনের প্রস্তুতি চলছিল। ওই কর্মসূচি পণ্ড করতে পুলিশ সদস্যরা দলের নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে তাদেরকে জোরপূর্বক আটক করে নিয়ে যায়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, বিএনপির মিছিল থেকে হামলা, ভাঙচুর ও ক্ষতির আশঙ্কার তথ্য ছিল। পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনা ছিল তাদের। তবে আটকদের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।









