খুলনা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা এবং যশোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে পৃথকভাবে এ তিনটি দুর্ঘটনা ঘটে।
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ‘শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মহানগরীরর বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মুত্যু হয়। মৃত ব্যক্তি দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের মো. নাসিম চৌধুরীর ছেলে মিঠুন চৌধুরী। এ ঘটনায় আহত হন একই এলাকার রেজাউল শেখের ছেলে মো. মামুন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’
জানা গেছে, মোটরসাইকেলযোগে মিঠুন ও মামুন আড়ংঘাটা বাইপাস সড়ক হয়ে মেইন রাস্তায় ওঠার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মিঠুনের মৃত্যু হয়। অপর আরোহী মামুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।’
সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার বেলা ১২টা দিকে সাতক্ষীরা শহরের অদূরে ঋশিল্পীর সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম হাফেজ জুবায়ের হোসেন (১৬)। সে সাতক্ষীরা শহরের ইটাগাছা দক্ষিণপাড়া এলাকার শেখ মনিরুজ্জামানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, হাফেজ জুবায়ের হোসেন মোটর সাইকেলে সাতক্ষীরা শহর থেকে বিনেরপোতার দিকে যাচ্ছিল। পতিমধ্যে বেলা ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঋশিল্পীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাফেজ জুবায়ের হোসেন নিহত হয়। অপর মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। তাদের একজনকে শহরের সিবি হাসপাতালে এবং অপরজনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের অভয়নগরে তালতলা মাইলপোস্ট রেললাইন ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটের সময় লাশটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত হলেন—যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার একতারপুর গ্রামের মৃত আল্লাদ দেবনাথের ছেলে বসন্ত দেবনাথ (৬৩)।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিজানুর রহমান বলেন, ‘সকাল ৬টা ৩০ মিনিটের সময় আমরা খবর পাই তালতলায় মাইলপোস্ট রেলক্রসিংয়ের সামনে ট্রেনে কাটা পড়ে বসন্ত নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।’
স্থানীয় কাউন্সিলর রেজাউল ইসলাম ফারাজী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বসন্ত দেবনাথ বাড়ি থেকে তালতলা মাইলপোস্ট রেললাইন ক্রসিংয়ের এলাকায় সেলুনে চুল ও সেভ করা জন্য যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী আন্তঃনগর ট্রেনে তিনি কাটা পড়েন।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের অধিনায়ক অলিউজ্জামান বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা ঐ স্থান থেকে লাশ উদ্ধার করি। পরে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।’
নওয়াপাড়া রেল স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, ‘মাইলপোস্ট রেলক্রসিংয়ের একটু সামনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখবেন।’









