বাগেরহাটে নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিমসহ ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন গ্রেফতারদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বাগেরহাট সদর পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ আবু সুফিয়ান বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ জানায়, বাগেরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা সদর থানাধীন পুরাতন বাজারস্থ একটি বাসভবনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন খবর পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩০ নেতাকর্মীকে আটক করে।
কারাগারে পাঠানো অন্যদের মধ্যে জেলা কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজরা আছাদুল ইসলাম পান্না, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমন ও নাছিম অন্যতম।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ‘নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে আমরা ৩০ জনকে আটক করেছি। আটকদের কাছ থেকে ককটেল সদৃশ্য বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
এদিকে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পদযাত্রা শুরু করেছিলাম। কিন্তু পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। কেন্দ্রীয় ও জেলা নেতাসহ ৩০ জনকে আটক করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’









