পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার (১ এপ্রিল) রাতে এ মামলা করেন।
এসআই অজিত জানান, শনিবার বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ির উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় ৫৯ জনের নাম উল্লেখ করে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলা আট জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১ এপ্রিল) বিকালে মহানগরীর কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে ১৫/২০ নেতাকর্মী আহত হযন বলে দাবি করেছেন বিএনপি নেতারা।









