দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে মোংলায়। রবিবার (১৬ এপ্রিল) মোংলায় ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ৩৯ ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল মোংলাসহ সাগর ও সুন্দরবন উপকূলে। এমন পরিস্থিতি আগামী ২-৩ দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, আগামী দুই তিন দিন তীব্র দাবদাহ বিরাজ করবে।
এদিকে প্রচণ্ড দাবদাহে সুন্দরবনের বন্যপ্রাণীও ছায়া খুঁজছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে থাকা কুমিরগুলো ছায়ায় আশ্রয় নিয়েছে। এছাড়া করমজলে হরহামেশা যেসব প্রাণী দেখা যেতো তা এখন দেখা যাচ্ছে না। বিশেষ করে হরিণ, বানর ও গুইসাপ বনের ভেতরে ছায়া-শীতল স্থানে আশ্রয় নিয়েছে।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, কুমির শীতল রক্তের প্রাণী। এদের নিজস্ব কোনও তাপ নেই। এদের শরীরের ওপরে যে মাংসপিণ্ড দেখা যায়, তা দিয়ে রোদ থেকে তাপ গ্রহণ করে। কিন্তু তার একটা সীমা আছে। তাপমাত্রা অতিরিক্ত হলে তারা রোদ থেকে ছায়ায় চলে যায়। তাই করমজলের কুমিরগুলো পানির রোদ থেকে ছায়ায় অবস্থান নিয়েছে। এভাবে অতিরিক্ত তাপে বন্যপ্রাণীরা কষ্ট পাচ্ছে। আর বনে সব সময় হরিণ, বানর, গুইসাপ ও পাখি দেখা গেলেও তা এখন তীব্র দাবদাহের কারণে দেখা যাচ্ছে না। এসব প্রাণী বনের গহীনে লতাপাতা ও গুল্মের মধ্যে শীতল ছায়ায় আশ্রয় নিয়েছে বলেও জানান তিনি।









