সাতক্ষীরায় ৮৮ বছর ধরে চলছে দেশের ‘সবচেয়ে বড় ইফতার মাহফিল’ 

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২১ এপ্রিল ২০২৩, ২১:৪২আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২২:১৬

দীর্ঘ ৮৮ বছর ধরে পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল করে আসছে সাতক্ষীরার নলতা আহছানিয়া মিশন। আয়োজকদের দাবি, রমজান মাসজুড়ে হাজার হাজার মানুষ একসঙ্গে বসে ইফতার মাহফিলের আয়োজন করেন। সে হিসেবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইফতার মাহফিল এটি। 

রমজান মাসজুড়ে প্রতি বছরই ৫ থেকে ৬ হাজার মানুষ একসঙ্গে বসে ইফতার মাহফিলের আয়োজন করেন সুলতানুল আউলিয়া খান বাহাদুর আহছানউল্লা (র.) স্মৃতি বিজড়িত সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনটি। এই ইফতার মাহফিলে অংশ নিতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। 

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা নলতার মোবারকনগরে অবস্থিত নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন। মিশন এলাকা ঘুরে দেখা গেছে, সেখানে ভোর থেকেই সিঙ্গাড়া ও ফিরনি তৈরিতে ব্যস্ত ২৪ জন বাবুর্চি। কেউ তৈরি করছেন সিঙ্গাড়া, কেউ দুধের ফিরনি। কেউ আবার ব্যস্ত ছোলা ও ডিম সিদ্ধ করার কাজে। সকাল থেকেই স্বেচ্ছাসেবকরা ব্যস্ত ইফতার সামগ্রী প্রস্তুতের কাজে। উদ্দেশ্য নির্ধারিত সময়ের আগেই আগত হাজার হাজার মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়া। বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল মাঠে টিনের ছাউনির নিচে হাজার হাজার রোজাদারের জন্য ইফতারের আয়োজনে ব্যস্ত সময় পার করেছেন ২৫০ অধিক স্বেচ্ছাসেবক।

সাতক্ষীরায় ৮৮ বছর ধরে চলছে দেশের ‘সবচেয়ে বড় ইফতার মাহফিল’ 

নলতা আহছানিয়া মিশনের সিঙ্গাড়া তৈরির প্রধান কারিগর মো. মোক্তার হোসেন বলেন, ইফতারের জন্য ৬ হাজার সিঙ্গাড়া তৈরি করতে আমরা ১৩ জন কারিগর ভোর থেকে কাজ শুরু করি। ১৫০ কেজি ময়দা, ২৮০ কেজি আলু এবং ১০ কেজি পেঁয়াজসহ বিভিন্ন মসলা লাগে। এছাড়া খেজুর, ফিরনি, ডিম, কলাসহ ৭ পদের ইফতার থাকে। চার পদের খাবার আমাদের এখানে তৈরি করা হয়। বাকিগুলো বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা হয়। দুপুরের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যায়।

নলতা আহছানিয়া মিশনের স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম বলেন, ‘ভোর থেকে ইফতার তৈরি শেষে বিকাল থেকে শুরু হয় বণ্টনের পালা। সুন্দর ও সুচারুভাবে স্বেচ্ছাশ্রমে এই ইফতার বণ্টনের কাজেও নিয়োজিত আছেন ২৫০ থেকে ৩০০ জন স্বেচ্ছাসেবী। রোজাদারদের সেবায় স্বেচ্ছায় ইফতার বণ্টনের কাজে অংশ নিতে পেরে খুশি আমরা খুশি।’

সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকা থেকে ইফতার মাহফিলে অংশ নিতে এসেছিলেন শামীম হোসেন। বলেন, ‘দেশের সর্ববৃহৎ এই ইফতার মাহফিলে অংশ নিতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসেন। আমিও প্রতিবছরের মতো এবারের নলতার ইফতারে এসেছি।’

সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, খান বাহাদুর আহসান উল্লাহর স্মৃতিবিজড়িত নলতা মিশনে প্রতিবছর রমজান মাসে ইফতারে হাজারো মানুষের সমাগম হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে শত শত মানুষ গাড়িভরে এখানে আসেন ইফতার করতে। এখানে মিশনের সদস্যরা আসেন। সাধারণ মানুষ, নারীসহ ভিন্ন ধর্মাবলম্বীরাও এখানে আসেন ইফতার করতে। টিনের শেডের নিচে এখানে ৫ থেকে ৬ হাজার মানুষ একসঙ্গে বসে ইফতার করেন। এছাড়া মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন জায়গায় এই ইফতার পাঠানো হয়।

সাতক্ষীরায় ৮৮ বছর ধরে চলছে দেশের ‘সবচেয়ে বড় ইফতার মাহফিল’ 

সাতক্ষীরা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. নজরুল ইসলাম জানান, স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবার লক্ষ্যে ১৯৩৫ সালে পীর খান বাহাদুর আহছান উল্লাহ এই মিশন প্রতিষ্ঠা করেন। মানবতার কল্যাণে এই ইফতার মাহফিলের সূচনা করেন তিনি। ১৯৪৫ সাল থেকেই তিনি এখানে বড় পরিসরে ইফতারির ব্যবস্থা করতেন। ১ রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত চলতো ইফতার। ১৯৬৫ সালে ইন্তেকালের পরও ইফতার মাহফিলের কার্যক্রম অব্যাহত রেখেছেন তার প্রতিষ্ঠিত আহছানিয়া মিশন।

তারই ধারাবাহিকতায় খাদেম মৌলভী আনসার উদ্দিন আহমেদ উদ্যোগে করোনার আগে এখানে ১০ হাজার মুসল্লি একত্রে ইফতার করতেন। তিনি মারা যাওয়ার পর এখনও ৫ থেকে ৬ হাজার মানুষ একত্রে ইফতার করেন। ডা. নজরুল ইসলাম বলেন, ‘এটিই বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল বলে আমরা জানি। মিশনের মতো টানা ৩০ দিন একত্রে এত মানুষের ইফতারের আয়োজন আর কোথাও হয় বলে আমাদের জানা নেই। রোজাদারদের জন্য ছোলা, সিঙ্গাড়া, খেজুর, কলা, ডিমসহ ৭ পদ থাকে। পানির ব্যবস্থা থাকে।’

তিনি জানান, দানশীল মানুষদের খরচে পরিচালিত হয় এই ইফতার মাহফিল। এখানে প্রতিদিনের ইফতারির খরচ আড়াই থেকে ৩ লাখ টাকা। ২৪ জন বাবুর্চি সকাল থেকে সিঙ্গাড়া, ছোলা ও ফিরনি তৈরির কাজ করেন। ২৫০ থেকে ৩০০ স্বেচ্ছাসেবক কাজ করেন। এছাড়াও রমজানের শেষ ১০ দিন এখানকার মসজিদে এতেকাফে অংশ নেন সাড়ে ৫শ’ মানুষ। তাদের জন্য কাজ করেন আরও ২০০ স্বেচ্ছাসেবক।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি