কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাবার লাশ দাফন শেষে এসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সিয়াম (১৬) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১১ মে) সকালে উপজেলার পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশ নেয়।
সিয়াম উপজেলার ধুবইল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম ফতুর ছেলে। সে একই এলাকার ধুবাইল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র।
স্থানীয় ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনায়েম হোসেন জানান, বুধবার রাত ১২টার দিকে শিক্ষার্থী সিয়ামের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। সকালে ধুবইল কবরস্থানে বাবাকে দাফন শেষে পরীক্ষায় অংশ নেয় সিয়াম।
এ বিষয়ে পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ আলী বলেন, ‘সিয়াম যথাসময় পরীক্ষা কেন্দ্রে আসে। এরপর তার বাবার মৃত্যুর সংবাদ আমাদের জানানো হয়। সিয়াম প্রথমদিকে কান্নায় ভেঙে পড়ে। পরে স্বাভাবিকভাবে সে পরীক্ষায় অংশ নেয়।’







