দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন ১০ যুবক। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসারা হলেন - আরিফ মোল্লা (২৭),কোরবান আলী (৩৫),পান্নু মোল্লা (৩৮),সোলাইমান (৩০)), শরিফ (২৪), সাইফুল ইসলাম (২৪) ইয়াছিন শেখ (২৪), নজিবুল ইসলাম (২২), সুমন্ত মন্ডল (২৩) ও সোহেল হাওলাদার (২৬)।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা ১০ বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তারা নিজ উদ্যোগে বাড়ি যাবেন।’
জাস্টিক অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া পারভিন বলেন, ‘ফেরত আসারা ভালো কাজের আশায় ভারতের চেন্নাই গিয়েছিলেন। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার সময় পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। আদালত তাদের দুই বছরের সাজা দেন। সেখান থেকে ত্রিজি নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তারা।’









