বাগেরহাটে বিয়ের আশ্বাসে এক তরুণীকে দুই সপ্তাহ আটকে রেখে ধর্ষণের অভিযোগে শেখ সোহেল (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) রাতে শহরের হাড়িখালী এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে জেলার সদর হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত যুবক বাগেরহাট সদরের গোটপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের শেখ নওশের আলীর ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহসীন আলী জানান, ওই যুবক বিয়ের আশ্বাসে শহরের হাড়িখালী এলাকায় বাচ্চু হোসেনের বাড়ির একটি বাসা ভাড়া নিয়ে দুই সপ্তাহ আটকে রেখে ধর্ষণ করছে- এমন অভিযোগ আসে পুলিশের কাছে। বুধবার রাতে ওই বাসায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার ও তরুণীকে উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, তখন তরুণী পুলিশকে জানায়, শেখ সোহেল তাকে বিয়ের আশ্বাসে এনে আটকে রেখে দুই সপ্তাহ ধরে ধর্ষণ করেছে। অভিযুক্তও বিষয়টি স্বীকার করেছে। রাতেই ওই তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেন। অভিযুক্তের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় আরও আটটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।









