যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ২৩৪ গ্রাম ওজনের দুটি সোনার বার ও বাংলাদেশি নগদ ১২ লাখ ৫৫ হাজার হুন্ডির টাকাসহ ইয়ামিন হোসেন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে তারা।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয় বলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে রাত ৮টা ৪০ মিনিটে জানিয়েছে। আটক ইয়ামিন হোসেন বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের বাদশা মল্লিকের ছেলে।
যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল জানান, বেনাপোলের আমড়াখালী চেকপোস্টের বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশির সময় এক মোটরসাইকেল আরোহীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে ও মোটরসাইকেল তল্লাশি করে। একপর্যায়ে তার মোটরসাইকেলের সিটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুটি সোনার বার, দুইটি মোবাইল ও বাংলাদেশি ১২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বর্তমান বাজার মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার সোনা, টাকা ও মোটরসাইকেলের সিজার মূল্য দেখানো হয়েছে ৩৭ লাখ ১৬ হাজার টাকা।
আটক আসামিকে সোনা চোরাচালানের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ ও উদ্ধার সোনা, বাংলাদেশি নগদ টাকা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









