উচ্ছৃঙ্খল আচরণের কারণে ২০২০ সালে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা সিআইডির সাবেক এসআই মধুসূদন বর্মন এবার পেট্রোল পাম্প চত্বরে তেল ছিটালেন। এ সময় তিনি পাম্প আগুনে পুড়িয়ে দেওয়ারও হুমকি দেন। বাকিতে তেল চেয়ে না পেয়ে তিনি এ কাণ্ড করেন।
জানা গেছে, গত ৯ ডিসেম্বর দিনগত রাত পৌনে ১টার দিকে খুলনার গল্লামারীর মেট্রো ফিলিং স্টেশনে যান মধুসূদন। এ সময় তিনি মোটরসাইকেলের জন্য ১ হাজার টাকার পেট্রোল বাকিতে চান। পাম্প কর্তৃপক্ষ বাকিতে তেল দিতে রাজি হননি। এরপর তিনি কর্মচারীদের কাছ থেকে পাম্পের নজেল কেড়ে নিয়ে পাম্প চত্বরে পেট্রোল ছিটান। এ সময় ওই পাম্পে আগুন জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেন মধুসূদন। এ ঘটনায় পাম্পের মালিক শেখ মাসুদ হোসেন লবণচরা থানায় অভিযোগ করেছেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছেন। এরপর পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। এখন অভিযুক্ত মধুসূদনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) শম্পা ইয়াসমিন বলেন, মধুসূদন বর্মন খুলনা সিআইডিতে কর্মরত থাকাকালে উচ্ছৃঙ্খল আচরণের জন্য ২০২০ সালে বরখাস্ত হন।
পেট্রোল পাম্পের মালিক শেখ মাসুদ হোসেন বলেন, ঘটনার সময় মধুসূদন বর্মন নিজেকে সিআইডির এসআই পরিচয় দেন এবং বাকিতে পেট্রোল চান। কিন্তু তা দিতে অস্বীকার করায় জোর করে কর্মচারীদের কাছ থেকে পাম্পের নজেল ছিনিয়ে মোটরসাইকেলে পেট্রোল নেন এবং পাম্প চত্বরে পেট্রোল ছিটান। এ সময় তিনি পাম্প জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।









