বিজয় র্যালির মধ্য দিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে নৌকার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় র্যালির আয়োজন করে জেলা আওয়ামী লীগ। ক্রিকেটার রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপুকে সঙ্গে নিয়ে কয়েক হাজার নেতাকর্মীসহ র্যালিতে যোগ দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শহরের নোমানী ময়দানে র্যালি পূর্ব পথসভার আয়োজন করা হয়।
পথসভায় নৌকায় ভোট চেয়ে সাকিব আল হাসান বলেন, ‘আপনারা কষ্ট করে বিজয় র্যালিতে যোগ দিয়েছেন, এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখান থেকে যে যার বাড়িতে গিয়ে বলবেন, সবাই যেন নৌকায় ভোট দেয়। আপনাদের সমর্থন পেলে আসনটি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গিফট করতে চাই।’
এরপর নোমানী ময়দান থেকে বিজয় র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।









