বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) কর্মীদের হামলায় আওয়ামী লীগের প্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বান্দাঘাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার কর্মী উপজেলার সুন্দরবন ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সাদী বাদলকে (৩২) মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর শহরের কবরস্থানের বান্ধাঘাটা এলাকায় অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করেন ঈগল প্রতীকের কর্মীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রধান কাঁচাবাজারে নৌকার কর্মী নাসির খাঁকে (৪০) মারধর করেন ঈগল প্রতীকের কর্মীরা।
এ ঘটনায় নৌকার নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবার ও নৌকা প্রতীকের নেতাকর্মীরা।
নৌকা প্রতীকের প্রার্থী হলেন আওয়ামী লীগের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, আর ঈগল প্রতীকের প্রার্থী হলেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার। এই দুই প্রার্থী ও তাদের নেতাকর্মীরা নির্বাচনি মাঠে সরব রয়েছেন।









