ঘড়ির কাটায় ৮টা ১০ মিনিট। কেন্দ্রের ভেতরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ছোটাছুটি চলছে। তখন ভোটার এসেছেন দুই একজন। কিন্তু ভোট নেওয়া সম্ভব হয়নি। কারণ সব প্রার্থীর এজেন্ট এসে এখনও পৌঁছাতে পারেননি কেন্দ্রে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর পর প্রথম ১০ মিনিটের চিত্র এটি বাগেরহাট-৩ আসনের মোংলা উপজেলায় চালনা বন্দর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের।
মোংলা উপজেলায় ৪৮টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। ভোটও শুরু হয়েছে ৮টা থেকে। তবে বেশ কয়েকটি কেন্দ্রে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভোট নিতে পারেনি।
চালনা বন্দর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দিপায়ন মন্ডল বলেন, এক দুই জন ভোটার এসেছেন। তবে সব প্রার্থীর এজেন্ট এখনও আসেননি। এ জন্য ভোট নেওয়া সম্ভব হয়নি। নৌকা, ঈগল, নোঙ্গর ও লাঙ্গলের এজেন্ট ছাড়া কোনও প্রার্থীর এজেন্ট আসেননি। তবে যে চার প্রার্থীর এজেন্ট এসেছেন তা দিয়ে এখনই ভোট শুরু করছি।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে নৌকা, ঈগল, মশাল, লাঙ্গল, নোঙ্গর, সোনালী আঁশ এবং ডাব প্রতীকের সাত প্রার্থী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার রয়েছেন দুই লাখ ৫৪ হাজার ৮৯৫ জন।









