খুলনায় প্রথম ৩ ঘণ্টায় প্রায় ১৩.৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এদিকে প্রশাসন থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। সিটি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। আর ভোট দিয়ে নৌকার প্রার্থী ৭০ শতাংশ কাস্ট হবে বলে প্রত্যাশা করেন।
সিটি কলেজ একাডেমির ভবন ১ এর ২য় তলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মহন্ত কুমার বলেন, প্রথম ৩ ঘন্টায় ১৩.৫ শতাংশ ভোট কাস্ট হলো। এখানে মোট ভোটার ১৬৮৪ জন। ভোট দিয়েছেন ২২৭ জন।
সিটি কলেজ একাডেমির ভবন ১ এর নিচ তলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হরিদাশ বলেন, প্রথম তিন ঘণ্টায় ১০.৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এখানে মোট ভোটার ১৬২৫ জন। ভোট দিয়েছেন ১৭০ জন।
সিটি কলেজ একাডেমির ভবন ২ এর ২য় তলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মামুন মিয়া বলেন, প্রথম ৩ ঘণ্টায় ১০ শতাংশ ভোট কাস্ট হলো। এখানে মোট ভোটার ১৫৩৫ জন। ভোট দিয়েছেন ১৫০ জন।
সিটি কলেজ একাডেমির ভবন ২ এর ৩য় তলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান বলেন, প্রথম ৩ ঘণ্টায় ৯.১৬ শতাংশ ভোট কাস্ট পড়েছে। এখানে মোট ভোটার ১৪১৯ জন। ভোট দিয়েছেন ১৩০ জন।
এদিকে, বেলা ১১ টায় প্রশাসনের টিম সিটি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। তখন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেন, সার্বিক পরিস্থিতি ভালো। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার কোনও খবর পাওয়া যায়নি।
খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেন, ভোটারদের নিরাপত্তায় প্রশাসনের সব স্তর সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছ।
এ সময় খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
এদিকে, খুলনা-২ আসনে নৌকার প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল আহসান উল্লাহ কলেজে ভোট দিয়ে প্রতিক্রিয়ায় বলেন, ভোট স্বাভাবিক গতিতেই আগাচ্ছে। খুলনায় যে উন্নয়ন হয়েছে তাতে এ অঞ্চলের মানুষ উৎফুল্ল হয়ে রয়েছে। খুলনা-২ আসনে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে।









