নড়াইল সদরের ডুমদি এলাকার একটি মাছের ঘের থেকে ডালিম বেগম (৪৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
ডালিম সদর উপজেলার শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত পাঁচ-ছয় দিন আগে ডালিম স্বামীর বাড়ি থেকে কাউকে কিছু না বলে অন্যত্র চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি এলাকার আইয়ুব হোসেনের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কয়েক মাস আগে তিনি ব্রেন স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজন কয়েকদিন আগে থেকে ওই নারীকে ঘেরের পাড়ে ঘোরাঘুরি করতে দেখে। শুক্রবার সন্ধ্যায় ঘেরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, ‘ওই নারীর শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’









