চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দর্শনা পৌরসভার মেয়র মো.মতিয়ার রহমানসহ ১২ জন কাউন্সিলরের সকলেই ভোট দিয়েছেন। প্রাপ্ত ভোটের ফলাফলে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন রবিউল হক সুমন। ৩ নং ওয়ার্ডের এই কাউন্সিলর ৬ ভোট পেয়ে প্রথম প্যানেল মেয়র নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সংরক্ষিত আসনের কাউন্সিলর আম্বিয়া খাতুন ৫ ভোট পান।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয় প্যানেল থেকে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল ইসলাম। তৃতীয় প্যানেল মেয়র হিসাবেও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর জাহানারা খাতুন।
এছাড়া প্যানেল মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান খালেকুজ্জামান শাহ এবং ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁন্দু মাষ্টার ১ ভোট করে পান।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আলমগীর কবির। সদস্য সচিব ও সদস্য ছিলেন যথাক্রমে উপ-সহকারী প্রকৌশলী এস এম আব্দুস সামাদ ও উচ্চমান সহকারী মো. রুস্তম আলী।
/এনএস/এমএসএম/এইচকে/








