বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মতিউর রহমান। সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টায় জেলা পুলিশের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, মোহাইল মাহদিন, সোহান সাইদ সাদ্দাম, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ।
সভাপতির বক্তব্যে সাতক্ষীরা পুলিশ সুপার বলেন, ‘পুলিশ বাহিনীতে দুয়েকজন খারাপ মানুষের জন্য পুরা ডিপার্টমেন্টকে দায়ী করা যায় না। সারা দেশে ১০ হাজার পুলিশ খারাপ পাওয়া যাবে না। যুব সমাজ যদি রুখে দাঁড়ায় সবই সম্ভব। ছাত্র আন্দোলনেই অনেক সরকার পুড়ে ছারখার হয়ে গেছে। ছাত্রদের খেয়াল রাখতে হবে, আন্দোলনের সফলতা যেন হাইজ্যাক (ছিনতাই) না হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে ক্রমান্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্মীয় বিভেদ ভুলে আমরা বাংলাদেশি এটা সবার মনে রাখতে হবে। মনে রাখতে হবে, আমাদের কেউ যেন বিভেদ না করতে পারে। মন্দির যেভাবে পাহারা দেওয়া হচ্ছে একইভাবে মসজিদ, প্যাগোডা পাহারা দিতে হবে। স্রস্টার বাগানকে স্রস্টাই সাজিয়েছে। এই বাগানকে নষ্ট হতে দেওয়া যাবে না। আমি যতদিন পুলিশ সুপার হিসেবে দায়িত্বে আছি সাতক্ষীরার মানুষের জন্য কাজ করে যাবো। আমার জন্য কোনও মানুষ যেন কষ্ট না পায়। পুলিশকে দেখে যেন মানুষ শ্রদ্ধা করে সেই কাজ করার জন্য পুলিশের সদস্যরা শপথ নিয়েছে। দেশে স্বাধীন পুলিশ কমিশন খুবই প্রয়োজন। কমিশন হলে কোনও পেশি শক্তি পুলিশকে ব্যবহার করতে পারবে না।
পুলিশ সুপার সৎ হলে থানার ওসি, সাব ইন্সপেক্টর সবাই ভয়ে থাকতো। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধ করলে জনগণের সেবক হিসেবে পরিচয় পাবে।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আন্দোলনে যেসব পুলিশ কর্মকর্তা অতিউৎসাহী হিসেবে কাজ করেছে- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে। পুলিশকে থানায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা পুলিশকে সব পর্যায়ের সহযোগিতা দেওয়া দেবো। জেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশকে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালহা জুবায়ের, সোহাইন মাহদিন, আনছার আব্দুল্লাহ আনিছুর, সোহান সাঈদ সাদ্দাম, মোহনী তাবাসসুম, শোভন সরকার আফজাল, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ, রাকিবুল ইসলাম, ওয়ালিউল্লাহ প্রমুখ।









