যশোর জেনারেল হাসপাতালে এক রোগীকে ওয়ার্ডের বেডে স্থানান্তরকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মারপিট করেছেন ওই হাসপাতালের ওয়ার্ড বয় ও বহিরাগত একটি ক্লিনিকের একজন কর্মচারী। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাধারণ শিক্ষার্থী জেসিনা মুর্শীদ ও মাসুম বিল্লাহসহ কয়েকজন হামলাকারীদের ধরে পুলিশে দিয়েছেন।
বুধবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন যশোর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় আসাদুজ্জামান (৫০) এবং ল্যাবস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী জাহাঙ্গীর হেসেন (৪৫)। ভুক্তভোগী রোগীর স্বজনরা হলেন যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের রিপন হোসেন (৪৫) এবং তার স্ত্রী আঞ্জুমানারা বেগম (৩৫)।
রিপন হোসেন জানান, বুধবার ভোর ৫টার দিকে তার মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করান। ভেতরে বেড খালি না থাকায় ওয়ার্ডের বাইরে ফ্লোরে থেকে চিকিৎসা নেন। একপর্যায়ে ওয়ার্ডের ভেতরে বেড খালি হলে সেই বেডে মেয়েকে স্থানান্তরের চেষ্টা করেন। এ সময় হাসপাতালের ওয়ার্ড বয় আসাদুজ্জামান এসে তাকে বাধা দিয়ে বলেন, সেখানে তার রোগী উঠবে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওয়ার্ড বয় আসাদুজ্জামান রোগীর স্বজন রিপনকে কিল-ঘুষি মারেন। বাধা দিতে গেলে রিপনের স্ত্রীকেও মারপিট করেন আসাদ। ওয়ার্ড বয় আসাদের সহযোগী জাহাঙ্গীর ঘটনাস্থলে এসে আবারও রিপনের ওপর চড়াও হন এবং মারধর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থী জেসিনা মুর্শীদ ও মাসুম বিল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে যান এবং মারধরের শিকার রোগীর স্বজনদের কাছ থেকে পুরো ঘটনা শোনেন। এরপর পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুই হামলাকারীকে ধরিয়ে দেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ বলেন, ‘হাসপাতালের মধ্যে মারামারির ঘটনায় ওয়ার্ড বয়কে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা বা অভিযোগ হলে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।’
‘ওয়ার্ড বয় যেহেতু একজন নারীকে মারধর করেছে, এটি বড় অন্যায়। থানা পুলিশ কোনও ব্যবস্থা না নিলে আমরা বিভাগীয় ব্যবস্থা নেবো,’ যোগ করেন তিনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘হাসপাতালে মারামারির ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি শিক্ষার্থীরা দেখছেন। আমার কাছে এখনও কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’








