খুলনার তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মীর ও সিকদার বংশের মধ্যে সংঘর্ষ হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম ফারুক মীর (৪০)। তিনি স্থানীয় ইউপি সদস্য। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলা বাজারে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফারুক মধুগ্রামের গাউস মীরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর গ্রামে মীর ও সিকদার বংশের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় কোলাবাজারে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। এর মধ্যে গুরুতর আহত ফারুক মীরকে খুলনা মেডিক্যাল কলেজ ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।
এ ছাড়া এ ঘটনায় আহত আরও কয়েকজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতের মধ্যে রয়েছেন- নুরু মোল্লা (৪০), জসিম মীর (৪০), গাউছ মীর(৭০) ও ইলিয়াছ (৫০)। এর মধ্যে নুরু মোল্লার অবস্থা গুরুতর।









