বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা আছে। ইতোমধ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন। তাদের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। শেখ হাসিনা এবং তার দোসররা দেশে যে গুম ও গণহত্যা চালিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। প্রয়োজনে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জেলা খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘তোমরা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতির ভীতকে ধসিয়ে দিলে। আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না। কিন্তু চুরি করেছে শুধু এজন্য যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করার চক্রান্ত করেছে তারা।’
ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে মামুনুল হক বলেন, ‘যদি বন্ধুত্বের চিন্তা নিয়ে আমাদের দিকে হাত বাড়ান তাহলে আমরা হাত আপনাদের দিকে প্রসারিত করবো। আর যদি প্রভুত্বের চিন্তা নিয়ে হাত বাড়ান, তবে সেই হাত আমরা উপড়ে ফেলবো। আমাদের সন্তানরা বুকের রক্ত ঢেলে দিয়ে বিজয় অর্জন করেছে। সেই অর্জন যতটা কঠিন হয়েছে তার থেকে বড় কঠিন ধরে রাখা। এই বিজয় ধরে রাখতে মানুষকে এক হয়ে কাজ করতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে আমাদের।’