সাতক্ষীরায় বাড়ির সামনে দিয়ে ‘জোরে গান বাজিয়ে’ যাওয়ার অভিযোগে রোজিনা সুলতানা চুমকি নামে এক প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদরের লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা সুলতানা (২০) সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে এবং সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী ছিলেন। এ ঘটনায় জড়িত ইলিয়াস হোসেনসহ (৩০) তার পরিবারের পাঁচ জনকে আটক করে র্যাবের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। তবে পরিবারের দাবি, ইলিয়াস হোসেন মাদকাসক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা দিয়ে একটি স্পিকারে জোরে গান বাজিয়ে যাচ্ছিলেন রোজিনা। এ সময় একই এলাকার ইলিয়াস হোসেন তার বাড়ির সামনে জোরে গান বাজানোর বিষয়ে অভিযোগ করে হাতুড়ি দিয়ে রোজিনার মাথায় কয়েকটি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ইলিয়াস ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন আটক করে মারধর করেন। পরে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে খবর দেয়। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ইলিয়াস ও তার বাবা একরামুল হোসেন, মাসহ পাঁচ জনকে আটক করে নিয়ে যান।
রোজিনা বাবা রেজাউল ইসলাম বলেন, ‘হাতুড়ি দিয়ে পিটিয়ে রোজিনাকে আহত করা হয়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মুজিদ বলেন, ‘রোজিনাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।’
রোজিনার বোন সাবিনা খাতুন বলেন, ‘আমার বোন রাস্তা দিয়ে গান বাজাতে বাজাতে যাচ্ছিল। ইলিয়াসের বাড়ির সামনে জোরে গান বাজানোর অভিযোগে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি রাস্তার ওপরে আমার বোন পড়ে আছে। ইলিয়াস কোনও কারণ ছাড়াই মানুষকে প্রায় মারধর করতো। এ নিয়ে তার পরিবারের কাছে অভিযোগ করলেও কাজ হতো না। আমার বোন হত্যার বিচার চাই।’
ইলিয়াসের পরিবারের সদস্যরা জানান, ইলিয়াস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোজিনা প্রায় বাড়ির সামনে দিয়ে গান বাজাতে বাজাতে যেতো। আজকে গান বাজিয়ে যাওয়ার সময় নিষেধ করলে তা না শুনে রোজিনা ইলিয়াসকে গালিগালাজ করেন। এতে হাতুড়ি দিয়ে মাথায় কয়েকটি আঘাত করেন ইলিয়াস।
সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রফিক বলেন, রোজিনা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল।
র্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মো. ফয়সাল তানভীর বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ইলিয়াসকে মারধর করেছে। সেইসঙ্গে তার পরিবারের সদস্যদের ঘেরাও করে রেখেছিল। খবর পেয়ে ইলিয়াসসহ তার পরিবারের পাঁচ জনকে র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে আহত ইলিয়াসকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’









