খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর, ভ্যানচালককে মারধর এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
রবিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে আওয়ামী লীগ প্রার্থী এবিএম আলমগীর সিকদার এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, তার প্রচার ভ্যানটি পাতলা পূর্বপাড়া মন্দিরের পাশে পৌঁছালে বিদ্রোহী প্রার্থী উকিল লস্করের লোকজন ভ্যানের গতিরোধ করে। এ সময় তারা প্রচার বন্ধ করতে বলে ভ্যানচালককে মারধর করে। আর ভ্যানে থাকা পোস্টার ছিঁড়ে মাইক ভাঙচুর করে চলে যায়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মৌখিকভাবে থানায় অভিযোগ করা হয়েছে। তবে বিষয়টি লিখিতভাবে থানা ও রিটার্নিং অফিসারকে জানানোর পরামর্শ দেন তিনি।
এদিকে আটরা গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বর প্রার্থী শেখ জাকারিয়ার গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে মেম্বর প্রার্থীর দুই সমর্থক আহত হয়েছেন। আহতরা হলেন- মো. হুমায়ুন কবির (৩৫) ও রাজু শেখ (২৮)। তাদের ফুলতলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় খানজাহান আলী থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
/এসএনএইচ/টিএন/








