৫ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭টি পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা মিলের উৎপাদন বন্ধ রেখে এ কর্মসূচি পালিত হয়। তবে খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা এই আন্দোলনে অংশ নেয়নি।
অবরোধের শুরুতে সকাল ঠিক ৮ টায় শ্রমিকরা হাতে বাঁশের লাঠি নিয়ে রাজপথ ও রেলপথে বাঁশ ও কাঠের গুড়ি ফেলে এবং লাল ফ্ল্যাগ ঝুলিয়ে মুহুর্মুহু স্লোগান দিয়ে অবস্থান নেন। অবরোধ চলাকালে খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটে পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পুরোপুরি উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের মতো রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, খালিশপুর ও দৌলতপুর জুট মিল জাতীয়করণ এবং কর্ণফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার ১৪তম দিনে অবরোধ কর্মসূচি পালিত হয়।
এর আগে সকাল পৌনে ৮টায় শ্রমিকরা উৎপাদন বন্ধ করে স্ব স্ব মিল গেটে সমবেত হয়। পরে খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, দিঘলিয়ার স্টার, আটরা শিল্পা এলাকার আলীম ও ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা স্ব স্ব গেটে সমাবেশের আয়োজন করে।
শুক্রবার বিকাল ৪টায় খুলনা, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে জনসভার আয়োজন করবেন শ্রমিক নেতারা।
/টিএন/








