খুলনা সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনিসহ ছয় জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকালে খুলনার মুখ্য মহানগর হাকিম এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ নির্দেশ দেন।
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন বরখাস্তকৃত মেয়র মনি। ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র মনিকে সাময়িকভাবে বরখাস্ত করে।
পুলিশের ওপর হামলার (২০১৩ সালের ১১ নভেম্বর) ঘটনায় দায়ের করার মামলার পরিপ্রেক্ষিতে মালামাল ক্রোকের নির্দেশের আওতায় থাকা অন্যরা হলেন খুলনা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউছুল আজম গাউছ, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কে এম হুমায়ূন কবীর, মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মো. শাহীন ও মো. গাউছ।
খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতের জিআরও উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস বলেন, আদালত ২০১৫ সালের ২২ নভেম্বর পলাতকদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু তারা আদালতে আত্মসমর্পন করেননি।
এ অবস্থায় বুধবার আদালতে এই মামলার শুনানি হয়। শুনানী শেষে বিচারক পলাতকদের মালামাল ক্রোকের নির্দেশ দেন।
/এইচকে/








