রবিবার ভোর রাতে হাতকড়া পরা অবস্থায় মাসুম (২৮) নামে এক আসামি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। এই ঘটনায় তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যশোর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই মোকাদ্দেস হোসেন জানান, শনিবার দুপুরে শহরের কাজীপাড়া এলাকায় চুরি করার সময় মাসুমকে স্থানীয়রা ধরে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বেলা সোয়া ৩টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ৩টা থেকে ৪টার দিকে মাসুম কৌশলে তার হাতকড়ার দড়ি কেটে সেখান থেকে পালিয়ে যায়।
হাসপাতালের নার্স ইনচার্জ রহিমা খাতুন জানান,রাতে দায়িত্ব পালন করে নার্স হাসিনা আক্তার। তিনি ডিউটি করতে এসে মাসুমকে না পেয়ে অন্যদের বিষয়টি জানান।
রাতে মাসুমের পাহারায় ছিলেন পুলিশের নায়েক মো. জাফরিন,কনস্টেবল আল আমিন ও লিটন।
কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘মাসুম রাত পৌনে চারটার দিকে তার হ্যান্ডকাপের সঙ্গে বাঁধা দড়ি কেটে পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক মাসুম পটুয়াখালী জেলা সদরের পুকুরযানা গ্রামের বাসিন্দা।
/জেবি/








