অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় ১৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রবিবার রাতে আটকের পর সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। বেনাপোলের পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে ১০ জন এবং দৌলতপুর গ্রাম থেকে ৭ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন-কলিম মিয়া (৫০),রুবি আক্তার (৩৩),লিটন (৩৩), হযরত (৪৫),ফারুক (৩৪), রুবিনা আক্তার (৩১), ছাত্তার মোল্লা (৫২), মাহিন (২২), শহিদ (৩২), সরাফাত (৪৫), প্রবেশ বড়–য়া (৩২), নয়ন শেখ (৩২), আঁখি শেখ (২৪), হারুন সরদার (৩৫), আব্দুল্লাহ শেখ (২৪), সাহেদ (২৫) ও রেজাউল (১০)।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের নায়েব সুবেদার তোফায়েল জানান,রাতে বিজিবি হল দলের সদস্যরা দেখতে পায় নারী-পুরুষ এর একটি দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকছে। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে ।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান,বিজিবি সদস্যরা অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৭ জন নারী-পুরুষকে থানায় সোপর্দ করেছে এবং তাদের সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
/জেবি/







