যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনি এলাকায় ছুরিকাঘাতে হাসিব তরফদার জিম(১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। যশোর কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
হাসিব যশোর সরকারি সিটি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, রবিবার এশার নামাজের পর কেউ তার মোবাইল ফোনে কল দিয়ে বাসা থেকে তাকে চাঁচড়া রায়পাড়ায় ডেকে আনে। জিম ও তার দুই বন্ধু একটি ভ্যাসপাতে চড়ে ওই এলাকায় গিয়েছিল। সেখানেই জিম দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসিবের পিতা আজিম তরফদার বলেন, ‘লোকমুখে ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি ছেলে মারা গেছে।’
ওসি বলেন,‘যে এলাকায় হাসিব খুন হয়েছেন, সেখানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আনাগোনা বেশি। তাই মাদক সংক্রান্ত ব্যাপারেই হাসিব খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।’
/এইচকে/








