যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের বিরুদ্ধে নির্বাচন কমিশন নির্দেশে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কোতোয়ালী থানার এসআই মোকাদ্দেস হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।
বিরোধী দলীয় প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করার অভিযোগে বুধবার রাতে এ নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০-এর ৭৩ ধারা লঙ্ঘনের কথা উল্লেখ করে শাহীন চাকলাদার ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে তা নির্বাচন কমিশনকে অবহিত করতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। বুধবার দিনগত রাত সাড়ে ১১টায় পুলিশ সুপারকে এক ফ্যাক্সবার্তায় নির্বাচন কমিশন এই নির্দেশনা দেয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘রাত সাড়ে ১১টায় ওই নির্দেশনার কপি হাতে পাই। এরপর কোতোয়ালী থানার ওসিকে ডেকে চিঠিটি তার নামে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। তিনিই মামলার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’
যশোর কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এসআই মোকাদ্দেস হোসেন বাদী হয়ে এ বিষয়ে মামলা করেছেন। মামলা নম্বর ১২২/৩১.০৩.১৬। নির্বাচন কমিশনারের নির্দেশানুযায়ীই মামলাটি হয়েছে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, এ মামলায় শাহীন চাকলাদার ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম ও দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমানকে আসামি করা হয়েছে।
যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু মামলার বিষয়টি অবগত আছেন বলে জানান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে এ সংক্রান্তে একটি চিঠি দলের জেলা সেক্রেটারির কাছে পৌঁছায়। তবে, মামলায় কে কে আসামি হয়েছেন তা জানি না।’
উল্লেখ্য, ৩১ মার্চ যশোর সদর উপজেলার ইউপি নির্বাচনের আগে আরবপুর ও দেয়াড়া ইউনিয়নের বিরোধী দল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলা বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ করে, সরকারি দলের নেতা ও ক্যাডারদের তীব্র চাপের মুখে ওই চার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হন।
/এইচকে/টিএন/








