শিক্ষাসফরে সুন্দরবন ঘুরতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস মারা গেছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবনে অবস্থান করা একটি জাহাজের কেবিনে তিনি মারা যান।
ট্যুর অপারেটর অব সুন্দরবনের (টোয়াস) জয়েন্ট সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি বলেন, রিভার ক্রুজ জাহাজে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। জাহাজটিতে ৬০ জন যাত্রী ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকরা সুন্দরবনের ঘুরতে আসেন। সেখানে জাহাজের কেবিনে অবস্থানকালে হার্ট অ্যাটাকে মারা যান আতাউর রহমান। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আতাউর রহমান বিশ্বাস স্যার বুধবার সকালে মারা গেছেন। উনারা শিক্ষা সফরে গিয়েছিলেন সুন্দরবনে। সেখানেই জাহাজের ভেতর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়।
ইউনিভার্সিটি টিচার্স লিংকের পক্ষ থেকে জানানো হয়, ইউটিএল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আতাউর রহমান বিশ্বাস আজ সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার দুনিয়ার ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।








