পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে ঝোড়ো বৃষ্টির সময় বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝোড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর চক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও অত্যন্ত চতুরতার সঙ্গে ক্যামেরার নজর এড়িয়ে তারা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে পালায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশপ্রধানের বাড়িতে এমন চুরির ঘটনায় নড়েচড়ে বসে জেলা পুলিশ। চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে মাঠে নামে পুলিশের একাধিক টিম।
পুলিশ জানায়, এরই মধ্যে বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চোরাই তার ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এ চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’









