বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নামফলক কাপড়ে ঢেকে শ্রদ্ধাঞ্জলি, ক্ষোভ

যশোর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০২:৫৩ আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০২:৫৩

যশোর শহরের মণিহার এলাকায় অবস্থিত মহান মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ। এটি ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। বিজয়স্তম্ভের ওই স্মারকে লেখা আছে, ‘মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে বিজয়স্তম্ভ/ভিত্তিপ্রস্তর স্থাপন করেন/জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান/ ১৯৭২ সাল, ২৬ ডিসেম্বর।’ প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যশোরবাসী শ্রদ্ধা নিবেদন করেন এ বিজয়স্তম্ভে। এ বছরও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে যশোরবাসী শ্রদ্ধা নিবেদন করেছেন। কিন্তু, এবার বিজয়স্তম্ভে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক গাঢ় কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে।

জেলা প্রশাসনের দাবি, ৫ আগস্টের পর থেকে এভাবেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবারই প্রথম নয়। আর মুক্তিযোদ্ধারা বলছেন, ইতিহাস বিকৃতির অংশ হিসেবেই শেখ মুজিবুর রহমানের নামফলক ঢেকে দেওয়া ও নোংরা পরিবেশে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে যশোরে স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা হয়। দিনের প্রথম ভাগে বিজয়স্তম্ভে জেলা প্রশাসক আশেক হাসানের পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। তারপর একে একে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।

বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় দেখা যায়, স্তম্ভের নিচের অংশটুকু একটি গাঢ় সবুজ রঙের কাপড় দিয়ে ঢেকে রাখা। তার ওপরে ‘মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে’, এ লেখাটুকু দৃশ্যমান রয়েছে। বিজয়স্তম্ভের বেদিতে লাল কার্পেট দেওয়া হয়। পাশে শামিয়ানা টানানো একটি জায়গা থেকে শ্রদ্ধা নিবেদন পর্বের ধারাবিবরণি দেওয়া হচ্ছিল।

এ বিষয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল বলেন, “৫ আগস্টের পর থেকেই শ্রদ্ধা নিবেদনের সময় বিজয়স্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক কাপড় দিয়ে ঢেকে রাখছে। এটা ইতিহাস বিকৃতির অংশ হিসেবেই করা হচ্ছে। ইতিহাসে যার যতটুকু সম্মান প্রাপ্য, তাকে ততটুকু দিতে হবে।”

মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মাযহারুল ইসলাম মন্টু বলেন, “এ রকমটা হবে বলে আমরা একটা পক্ষ বিজয়স্তম্ভে যায়নি। ইতিহাস কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না, এটা নোংরামি।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ বলেন, “গত বছরও কাপড় দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক ঢেকে রাখা হয়েছিল। কিন্তু, বিজয়স্তম্ভ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। এবার বিজয়স্তম্ভ পরিষ্কারও করেনি। প্রশাসনের ভেতরে স্বাধীনতাবিরোধী শক্তির লোকজন বেশি বলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা এ কাজটি অন্যায় করেছে। তারা স্বাধীনতার প্রতি অন্যায় করেছেন। তাদের শাস্তি হওয়া উচিত।”

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল মালেক বলেন, “আমি চোখ বন্ধ করে গেছি, চোখ বন্ধ করে এসেছি। তারা এ চেতনার লোক নন। ইতিহাস কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না, এটা নোংরামি।”

এ বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “৫ আগস্টের পর থেকে এভাবেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, এবারই প্রথম নয়। বিজয়স্তম্ভ ব্যবস্থাপনার একটি উপ-কমিটি আছে। তারা সৌন্দর্য্যবর্ধনের কাজটি করেন। মূলত, সৌন্দর্য্যবর্ধনের জন্যই বিজয়স্তম্ভে অন্য বছর সাদা কাপড় ব্যবহার করা হয়। এ বছর গাঢ় সবুজ কাপড় ব্যবহার করেছে। বিজয়সম্ভ সংস্কার না হওয়ায় এমনটি করা হয়েছে। বিজয়স্তম্ভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

/এএম/এবিএম/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে: যুক্তরাজ্য হোম অফিস
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে: যুক্তরাজ্য হোম অফিস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন