দুই বছরের ছোট ভাই এখন ১৩ বছরের বড়!

যশোর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪

রেলের চাকরি পেতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির অভিযোগ উঠেছে মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার দুই বছরের ছোট ভাই নাজমুল ইসলাম নথিপত্রে ১৩ বছরের বড় হয়ে গেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা এক অভিযোগে বলা হয়েছে, এনআইডি ও শিক্ষাগত সনদে বয়স ১৫ বছর কমিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে মহিদুল ইসলাম রেলওয়ের চাকরি নিয়েছেন।

মহিদুল ইসলাম ও নাজমুল ইসলাম যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের নূর আলী গাজীর ছেলে। মহিদুল বেনাপোল লোকো অ্যান্ড ক্যারেজ ডিপোতে খালাসি পদে এবং নাজমুল ইসলাম ক্যারেজ ফিটার গ্রেড-১ পদে কর্মরত।

রেলওয়ে সূত্র জানায়, নাজমুল ইসলাম ২০০৫ সালে রেলওয়েতে যোগ দেন। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ ১৫ অক্টোবর ১৯৮৩ এবং পিতার নাম নূর ইসলাম গাজী। ঠিকানা এড়েন্দা, দেয়াড়া, সদর, যশোর।

অপরদিকে, মহিদুল ইসলাম রেলওয়েতে যোগ দেন ২০১৯ সালের ১০ জুলাই। রেলওয়েতে জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী তার জন্মতারিখ ১২ মে ১৯৯৬, পিতার নাম মো. নুর গাজী এবং ঠিকানা দেবীপুর, কালিয়া, নড়াইল। ভোটার নিবন্ধনের তারিখ ১৪ জুন ২০২১।

অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের দুই বছর পর নিজের নাম, পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে মহিদুল ইসলাম এই পরিচয়পত্র গ্রহণ করেন।

তবে আসল জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. মইদুল ইসলাম, পিতা নূর আলী গাজী এবং জন্মতারিখ ১০ জানুয়ারি ১৯৮১। সে হিসেবে নাজমুল ইসলাম তার দুই বছরের ছোট ভাই। কিন্তু নকল পরিচয়পত্র অনুযায়ী নাজমুল এখন ১৩ বছরের বড় হয়ে গেছেন।

এছাড়া, যশোর সদর উপজেলার বাজেদুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির যে সনদপত্র দিয়ে মহিদুল চাকরি করছেন, সেটিও সঠিক নয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদককে লিখিতভাবে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ২০২১ সালে রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে ৮৬৩ জন খালাসি নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা হয়, যা এখনও বিচারাধীন। ওই মামলার তদন্তে মহিদুলের শিক্ষাগত সনদ জাল বলে নিশ্চিত হওয়া গেলেও তখন এনআইডি জালিয়াতির বিষয়টি সামনে আসেনি। সম্প্রতি এ বিষয়ে দুদক প্রধান কার্যালয়ে নতুন করে অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে মহিদুল ইসলাম দাবি করেন, নাজমুল তার বড় ভাই এবং জালিয়াতির অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, চাকরির জন্য তিনি কোনও জাল-জালিয়াতি করেননি; ব্যক্তিগত শত্রুতার জেরে তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।

এ বিষয়ে নাজমুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, “মহিদুল বড় আর নাজমুল ছোট। তবে নাজমুলের শারীরিক গঠন বড় হওয়ায় তাকে বড় মনে হয়। তারা দুজনই রেলওয়েতে চাকরি করেন। তবে অভিযোগ সম্পর্কে কিছু জানি না।”

রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পাকশীর ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) রবিউল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্র বা সনদপত্র জালিয়াতির কোনও অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সংশ্লিষ্ট নিয়োগ নিয়ে চট্টগ্রামে দুদকের একটি মামলা চলমান রয়েছে।

দুদক যশোরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দিন বলেন, “অভিযোগ সম্পর্কে অবগত আছি। বিষয়টি যাচাই-বাছাই প্রক্রিয়াধীন। অনুসন্ধানের অনুমতি পেলে তদন্ত শুরু হবে।”

/এম/  
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম