সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনিদের বিচারের কাঠগড়ায় এনেছে। মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি, যুদ্ধাপরাধীদের বিচারকাজ সম্পন্ন করেছে। ইতোমধ্যে কয়েকজনের বিচারের রায় কার্যকর করা হয়েছে।
শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানায় আওয়ামী লীগের সদর উপজেলা ও পৌর কমিটি আয়োজিত বিশাল সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত চক্র মনে করেছিল এদেশে যুদ্ধাপরাধীরা আগের মতই গাড়িতে পতাকা নিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু, তাদের সে খায়েশ আর কোনওদিন পূরণ হবে না।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আর এদেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সারাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। আগামী ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের আওতায় আসবে।
তিনি সন্ত্রাসী, চোররাকারবারী, টেন্ডারবাজদের হুঁশিয়ার করে বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থেকে দলকে নিজেদের সম্পদ ভাববেন না। আওয়ামী লীগে এসব সমাজবিরোধীদের ঠাঁই নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের দল। তারাই নির্বাচন করবে- কে কোন পদে অধিষ্ঠিত হবে।
অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগনেতা হায়দার গণি খান পলাশ, আতিকুর রহমান বাবু, মেহেদি হাসান মিন্টু, কাজী আব্দুস সবুর হেলাল, লাইজু জামান প্রমুখ বক্তৃতা করেন।
/টিএন/ আপ-এআর/








