যশোর সরকারি এমএম কলেজে চুরি হয়েছে। রবিবার রাত ১২টার পর যে কোনও সময় এই চুরির ঘটনা ঘটে। চোরেরা গ্রিল ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ সেকশনের সিন্দুক থেকে নগদ দুই লক্ষাধিক টাকাসহ মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে নাইটগার্ড জাহাঙ্গীর আলমকে থানায় নিয়ে গেছে।
এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান জানান, চোরেরা আব্দুল হাই কলা ভবনের প্রশাসনিক কর্মকর্তাদের কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা তিনটি দরজা ভেঙে ক্যাশ সেকশনের গ্রিলের তালা ভেঙে ভিতরে ঢুকে সিন্দুকের তালা ভেঙে সেখানে থাকা দুই লক্ষাধিক টাকা ও কিছু কাগজপত্র নিয়ে যায়।
তিনি জানান, সিন্দুকে শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখি ভাতা, এইচএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের টাকা ছিল।
ঠিক কত টাকা চুরি হয়েছে- তা তিনি জানাতে পারেননি।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের তিনটি টিম- সিআইডি, পিবিআই এবং কোতোয়ালী থানার পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করছে। খুব শিগগির এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
/বিটি/








