খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল রেখে ভিডিও ধারণের ঘটনায় আটক হল ক্যান্টিনের কর্মচারীর বিচার এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ক্লাস বর্জন করে বিভিন্ন হল ও প্রশাসনিক ভবনে তালা দেন তারা। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিষয়টি সমাধান না হওয়ায় তালা খোলা হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া যৌন হয়রানির বিভিন্ন ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস হয়নি। যৌন হয়রানির বিভিন্ন ঘটনায় প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল বলেন, ‘অতীতেও শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের যৌন হয়রানির কয়েকটি ঘটনায় প্রশাসন কোনও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি। আন্দোলনের অংশ হিসেবে আজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, পকেট গেট, প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। এবার সুষ্ঠু বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব কার্যক্রম বন্ধ থাকবে।’
শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার রাতে হলের গণরুম সংলগ্ন ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মোবাইল ব্যবহার করে এক ছাত্রীর ভিডিও ধারণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী সহপাঠীদের জানান। খবর ছড়িয়ে পড়লে হলের বিভিন্ন ব্লকের আবাসিক শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন।
পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে হলের ক্যান্টিনের কর্মচারী ইমাম হাসানকে আটক করে মারধর করেন তারা। তিনি প্রায় দুই বছর ধরে ওই হলের ক্যান্টিনে কর্মরত। অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এভাবে গোপনে ধারণ করা ভিডিও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দেওয়া হতো বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় তার স্ত্রীর সম্পৃক্ততা আছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে হলের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। পরে অভিযুক্তকে হলের ভেতরে আটকে রাখা হয় এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনার পর থেকে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রী জানান, ছাত্রী আবাসিক হলের মতো একটি সংরক্ষিত স্থানে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রফেসর সেলিনা আহমেদ বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক সহকারী পরিচালক মো. হাসান মাসুদ বলেন, ‘বুধবার রাতের ঘটনায় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হরিণটানা থানায় হস্তান্তর করেছে। শিক্ষার্থীরা আজ ক্লাস বর্জন করে বিভিন্ন হল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। আমরা এখন বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছি। দুপুর পর্যন্ত এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়নি। শিক্ষার্থীদের দাবি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযুক্তের বিচার করতে হবে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এস এম মাহবুবর রহমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য মিটিং চলছে আমাদের। মিটিং শেষ হলে কথা বলবো।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশাসনিক ভবনের তালা দ্রুত সময়ের মধ্যেই খুলে দেবে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে বৈঠক চলছে। এখনও আলোচনা চলমান। দ্রুত সমাধান হবে বলে আশা করছি। অভিযুক্তকে পুলিশে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা ও বিবেচনাধীন আছে।’
এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘অভিযুক্ত ইমাম হাসান শিক্ষার্থীদের মারধরের শিকার হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন ইমাম হাসানের স্ত্রীও এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি ইমাম হাসানকে ছাড়িয়ে নেওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। এজন্য তার স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা







