বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদ এবং ঝিনাইদহ বাস টার্মিনালসংলগ্ন চত্বরে ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি পুনঃস্থাপন এবং ভাঙচুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিকালে শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুস্তাক হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সভাপতিমণ্ডলীর সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান এবং জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান জালাল।
সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দেশের মানুষ ক্ষমা করবে না। সড়ক দুর্ঘটনার কারণ দেখিয়ে যারা স্বাধীনতার স্মারক মুছে ফেলার চেষ্টা করছে, তাদের কর্মকাণ্ডেরও নিন্দা জানান তারা।
বক্তারা বলেন, বর্তমান সরকার যদি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, তবে মুক্তিযুদ্ধের সব স্মারক ও স্থাপনা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি দ্রুত নির্মাণ সম্পন্ন করে একই স্থানে যথাযথভাবে পুনঃস্থাপনের দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবির জেলা সভাপতি স্বপন বাগচী, সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের উদয় শংকর বিশ্বাস এবং বাসদ নেতা শারমিন সুলতানা।








