‘৭১-এর ঘাতক ও ২৪-এর পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, জামায়াতের ইন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করার সাহস পাচ্ছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনলে তারা আবারও জামায়াত নেতাদের ফাঁসি দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনও তা সম্ভব হবে না। সরকার সেই পথে এগিয়ে যাচ্ছে। তবে সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। তার দাবি, ‘৭১-এর ঘাতক ও ২৪-এর পরাজিত শক্তি’ সরকারের বিরুদ্ধে এক হয়ে গেছে।
জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত এবার সংসদে বিরোধী দল হয়েছে এবং ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। এই ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সমালোচনা ও সহযোগিতা করবে—এমন প্রত্যাশা থাকলেও তারা সরকারের বিরোধিতা করছে। জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও অভিযোগ করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত চেষ্টা করছে এবং তাদের ইন্ধন দিচ্ছে। লংমার্চের মাধ্যমে সরকার পতনের হুমকি দেওয়া হলেও জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতাদের সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে জামায়াত। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা হলে তারা আবারও জামায়াত নেতাদের ফাঁসি দেবে। তাই জামায়াত নেতাদের সতর্ক হওয়া উচিত।
এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।