যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচ ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
যশোর শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, উপাচার্যের মদদে কর্মচারী বদিউজ্জামান বাদল ও তার ভাই শরীফ ক্যাম্পাসে নানা অপকর্ম করছে । তাদের হাতে লাঞ্ছিত হয়েছেন অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র সপু এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী। বাদল ও তার ভাইয়ের নেতৃত্বে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ইকবাল কবির জাহিদ, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের এক শিক্ষিকা, জীন প্রকৌশল বিভাগের ছাত্র সেতু, ফিসারিজ বিভাগের শিক্ষক আনিসুর রহমানকে বিভিন্ন সময় লাঞ্ছিত করেছে। তারা ক্যাফেটেরিয়াসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দোকানে থেকে নানা সময় চাঁদাবাজি করে।
ছাত্ররা আরও বলেন, এসব নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নিরীহ ছাত্রদের নানা সময় হয়রানি করাসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা অবিলম্বে পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান।
মানববন্ধনে বক্তৃতা করেন যবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন ও মিজান এবং জিইবিটি বিভাগের ছাত্র পাভেল ও রিমন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় জিইবিটি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র নাসিরউদ্দিনকে আজীবন, মাইক্রোবায়োলজির ছাত্র কামরুজ্জামান কামাল ও জিইবিটির ছাত্র রাশিদুজ্জামান রাজনকে এক বছরের, মাইক্রোবায়োলজির রুমেল পারভেজ ও সাজেদুর রহমান সপুকে হল থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলকে চাকরি থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়।
গত বছরের ১০ ডিসেম্বর রাতে বাদলকে মারপিটের ঘটনায় ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
/জেবি/








