খুলনার আলোচিত সন্ত্রাসী নুরাজিমের সহোদর ও তার বাহিনীর শীর্ষ সদস্য শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানাধীন ডিসি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃত শাহরিয়ার ইসলাম রকি খুলনা মহানগরীর সদর থানাধীন ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার বাসিন্দা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলা এবং চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রকিকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬ জানায়, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম উঠে এসেছে। এ ছাড়া খুলনা শহরে মাদক কারবার, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে।