ফার্মেসি খুললেও চাঁদাবাজির ভয়ে খুলছেন না মোবাইল

হেদায়েৎ হোসেন, খুলনা
২২ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:০০

চাঁদা দাবির ঘটনায় বন্ধ হয়ে যাওয়া খুলনার সব ফার্মেসি পুলিশের পরামর্শ ও নিরাপত্তায় আবার চালু হয়েছে। তবে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক কাটেনি। কেউ কেউ এখনও মোবাইল ফোন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আবার কেউ ফোন চালু রাখলেও অপরিচিত নম্বর থেকে আসা কল ধরছেন না। হুমকির শিকার ব্যবসায়ীদের মনে এখনও স্বস্তি ফেরেনি। আগের মতো স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না তারা।

শহরের চয়নিকা ফার্মেসির মালিকপক্ষের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৪ নভেম্বর সন্ধ্যায় ফার্মেসি খোলার পর থেকে এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। স্বাভাবিকভাবেই ব্যবসা করছেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সহায়তা ও নজরদারি করা হচ্ছে। তবে অপরিচিত নম্বর থেকে ফোন এলে তারা তা ধরছেন না। এতে অনেকে অসন্তুষ্ট হচ্ছেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির এক নেতা পরিস্থিতি সন্তোষজনক ও স্বাভাবিক দাবি করলেও আতঙ্ক ও উদ্বেগের কারণে নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, প্রশাসনের আশ্বাসে বন্ধ থাকা সব ফার্মেসি খোলা হয়েছে। এ কারণে সমিতিও আলটিমেটামের সময় শেষ হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। তবে ব্যবসায়ীরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসন চাঁদাবাজি দমনে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। তারাও প্রশাসনের পদক্ষেপের বিষয়ে আশাবাদী।

মল্লিক ব্রাদার্স ফার্মেসির মালিকপক্ষের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনের আশ্বাসে ব্যবসা শুরু করলেও আগের মতো মানসিক স্বস্তি ফিরে পাচ্ছেন না তারা। এখনও দোকানের মূল মোবাইল নম্বর চালু করতে পারছেন না। ফার্মেসি খোলার পরই চাঁদাবাজেরা আবার ফোন করেছিল। এরপর থেকে নম্বরটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। প্রশাসন নজরদারি করলেও তারা স্বস্তিতে ফিরতে পারছেন না।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টার সুফল পেতে শুরু করেছেন খুলনাবাসী। চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বাস্তবায়ন শুরু হয়েছে। শিল্প ও বন্দরনগরীকে সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত করার প্রত্যয় প্রধানমন্ত্রীর নিজের। আমরা কেবল তার নির্দেশনা বাস্তবায়ন করছি।

তিনি আরও বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য সামনে আরও কঠিন সময় আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কর্মকাণ্ড বরদাশত করবেন না— এ বিশ্বাস থেকেই তিনি নগরবাসীকে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন। খুলনাকে প্রশান্তির শহরে পরিণত করতে প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন। সে অনুযায়ী কাজ চলছে।

উল্লেখ্য, খুলনা নগরের টুটপাড়া এলাকায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হয়ে যাওয়া চয়নিকা ফার্মেসি ১৭ দিন পর ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের পাহারায় আবার চালু হয়। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় চাঁদা দাবির ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে মালিকপক্ষ ফার্মেসিটি বন্ধ করে দিয়েছিল।

একই ঘটনায় নগরের রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসি, রূপসা ডেন্টাল কেয়ার, সি এইচ ফার্মা, আমেনা ফার্মেসিসহ বন্ধ হয়ে যাওয়া ৯টি ওষুধের দোকান আবার চালু হয়েছে। ১৭ নভেম্বর সন্ধ্যায় জেলা পুলিশ জানায়, বন্ধ হয়ে যাওয়া সব ফার্মেসি খুলেছে। বর্তমানে কোনোটি বন্ধ নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজদের হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে চয়নিকা ফার্মেসি বন্ধ রাখতে বাধ্য হন মালিকপক্ষ। এতে ওই এলাকার ওষুধ ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হয়। পরে ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের নিরাপত্তায় ফার্মেসিটি আবার চালু করা হয়। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে গত অক্টোবরে নগরের রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ২৪ অক্টোবর নগরের সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি দল। ভাঙচুর শেষে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন ২৫ অক্টোবর সন্ধানীর সোনাডাঙ্গা শাখায় সশস্ত্র মহড়া দেয় সাত থেকে আটজন। তারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে খুঁজতে থাকে।

এরপর ৩ নভেম্বর নগরের শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর করা হয়। গত ১৪ নভেম্বর পিটিআই মোড়ের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারেও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার ধারাবাহিকতায় চাঁদা দাবির কারণে নগরের একাধিক ফার্মেসিও বন্ধ হয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
কুশিয়ারায় ঘাট নির্মাণ শেষ, তবুও কেন চালু হচ্ছে না ফেরি
কুশিয়ারায় ঘাট নির্মাণ শেষ, তবুও কেন চালু হচ্ছে না ফেরি
‘দাম বাড়লে বাসি-নষ্ট সবজি কিনতে হয়’
‘দাম বাড়লে বাসি-নষ্ট সবজি কিনতে হয়’
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
ক্রিকেট-ফুটবলে দায়িত্ব পালনের বিরল কীর্তি গড়েছিলেন যিনি 
ক্রিকেট-ফুটবলে দায়িত্ব পালনের বিরল কীর্তি গড়েছিলেন যিনি 
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা