বাগেরহাটের রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্মকে খুলনা মহানগরী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর বয়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনার সদস্যরা তাকে গ্রেফতার করেন। পরে তাকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীর পাড় শহিদ মিনার নির্মাণের জন্য টিআর এর ৩টি প্রকল্পের কাজের ১ লাখ ৮৫ হাজার টাকার কাজ না করে টাকা আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক মোশরারেফ হোসেন প্রাথমিক তদন্ত শেষে ২০১৪ সালের ৭ আগস্ট রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্মসহ ১২ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: রংপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ সন্তানের ৩ জনের মৃত্যু
মামলায় বলা হয়, ২০১১ ২০১২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির (টিআর) আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য এই শহিদ নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি টাকার চাল বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে প্রায় ৪ কোটি টাকার কাজ সম্পন্ন হয়। অবশিষ্ট প্রায় ২ কোটি টাকার কাজ না করে পরষ্পর যোগসাজশে টাকা আত্মসাৎ করা হয়।
আরও পড়ুন: ‘নকলের সুবিধা না পেয়ে’ এইচএসসি পরীক্ষার্থীদের তাণ্ডব, আহত ৮
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, দুপুরে দুদকের গ্রেফতারকৃত আসামি স্বপনকে থানা পুলিশের প্রহরায় আদালতে নেওয়া হয়। এরপর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
/এএ/








