
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দুজন ভুয়া চক্ষু চিকিৎসকের ৭ দিন জেল ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান এ রায় দেন।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে নাটোর সদর উপজেলার শাহাপুর গ্রামের লালন ফকিরের ছেলে জান মোহাম্মদ (২৪) ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে ফুরকান (৩৩) কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে রোগীদের চোখ দেখে চশমা বিক্রি করছিল।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, চার পুলিশ আহত
খবর পেয়ে দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছে চিকিৎসকের বৈধ কাগজপত্র দেখাত চান। তারা দেখাতে অপারগতা প্রকাশ করলে ভুয়া চিকিৎসক বলে প্রমাণিত হয়। এরপর তাদেরকে আটক করে জেল-জরিমানা করা হয়।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত হোসেন জানান, তাদেরকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
/এসটি/








