খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) র্যাগিংবিরোধী শপথ নিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’-এর পাদদেশে ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এই শপথ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র্যাগিং নামক একটি অপসংস্কৃতি চালু হয়েছে। এতে নতুন শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হয়। আমরা চাই কুয়েটে র্যাগিং বলে কিছু থাকবে না। কারও দ্বারা কুয়েটের সুনাম নষ্ট হলে তাকে ক্ষমা করা হবে না।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, লালন শাহ হলের প্রভোস্ট ড. পল্লব কুমার চৌধুরী, ২০১৫ ব্যাচের শিক্ষার্থী মুন্ন এবং সাইফুদ্দিন নিশাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক (ছাত্র-কল্যাণ) মো. ওসমান গণি নাঈম।
আরও পড়তে পারেন:
খুলনায় হরিণের চামড়াসহ পাচারকারী আটক
অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে কুয়েট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা করা হয়।
/এনএস/ এমএনএইচ/








